logo

ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাত, শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত

ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাত, শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত
বজ্রপাত। ছবি: উইকিডিপিয়া

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ক্লাস চলাকালে বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষিকা আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে যথারীতি পাঠদান চলছিল। হঠাৎ বিকট শব্দে বিদ্যালয়ের আঙিনায় অবস্থিত একটি বড় গাছের ওপর বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্রতায় আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়।

এ সময় বিদ্যালয়ের টিনশেড ভবনের পাশাপাশি দুটি শ্রেণিকক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠদান চলছিল। আকস্মিক বিকট শব্দ, তীব্র আলোর ঝলকানি ও তাপের কারণে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে এবং অতিরিক্ত ভয়ে শিক্ষার্থীরা আহত ও অসুস্থ হয়ে পড়ে। চতুর্থ শ্রেণির ক্লাসে পাঠদানরত শিক্ষিকা শাহনা আফরোজ লায়লাও এ সময় অসুস্থ হয়ে পড়েন।

আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা হলো নুসরাত, সিয়াম, আরজু, নাঈম ও রিমি। চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা হলো সালমা, ফারহানা, সুমাইয়া, ফাহিমা, ফারজানা, নাদিয়া, উক্রাসিং, সুরাইয়া, অপর সালমা, সানজিদা, আব্দুর রহিম ও ফারহানা। অসুস্থ শিক্ষিকা শাহনা আফরোজ লায়লা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার জানান, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ আকাশ কাঁপানো বিকট শব্দে বজ্রপাত হয়। স্কুল প্রাঙ্গণের গাছে বজ্রপাত হওয়ার পর আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। এতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিশুরা প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অন্তু বড়ুয়া জানান, আহত শিক্ষার্থীদের কারো শরীরে সরাসরি বজ্রপাতের আঘাতের চিহ্ন নেই। মূলত বজ্রপাতের বিকট শব্দ ও আকস্মিক ভয়ের কারণে তারা অসুস্থ বা মানসিকভাবে ঘাবড়ে গিয়েছিল। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সকল শিক্ষার্থী ও শিক্ষককে সুস্থ অবস্থায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বজ্রপাতে কোমলমতি শিক্ষার্থীদের আহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন এবং রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতারা হাসপাতালে ছুটে যান। তারা আহত শিশুদের খোঁজখবর নেন এবং চিকিৎসার খোঁজ নেন। এ সময় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে আসি। দল ও সংগঠনের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।