Advertisement

চাঁদপুরে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করলেন অটোরিকশা চালকরা

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
চাঁদপুরে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করলেন অটোরিকশা চালকরা
চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধ। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে যানবাহন ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেছে সিএনজিচালিত অটোরিকশাচালকরা।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে জেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

পরে দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের এইচবি ফিলিং স্টেশনের সামনে কয়েকশ চালক সড়কে অবস্থান নেয়।

আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে চালকরা। অবরোধের কারণে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সুমন নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক বলেন, দুই দিন ধরে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারি না। গাড়ি চালাইয়া সংসার চলে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পারলে আমার সংসার চলবে কেমনে।

আরেক চালক ইয়াসিন বলেন, সারা রাত না ঘুমিয়ে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। কখন গ্যাস পাব কেউ বলতে পারছে না। এভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে সংসার চলবে কীভাবে।

চাঁদপুরের বিভিন্ন ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, পাম্পে গ্যাস সরবরাহ না থাকায় গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলে চালকদের গ্যাস দেওয়া যাবে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সড়ক অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

বিষয় :