logo
Advertisement

তেলের ঘানি দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, খেলেন খামারের খাঁটি দুধ

এশিয়া পোস্ট নিউজ,রংপুর
তেলের ঘানি দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, খেলেন খামারের খাঁটি দুধ
খামারের গরু দুধ পান করেন মার্কিন রাষ্ট্রদূত। পরবর্তীতে তিনি নিজ হাতে গরুকে খাওয়ানোর চেষ্টা করছেন। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আধুনিক প্রযুক্তির ডেইরি ফার্ম পরিদর্শনের পাশাপাশি চন্দনের হাটে ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

Advertisement

রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেড ও স্থানীয় তেল উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এদিন সকাল সাড়ে ৯টায় প্যারাগন ডেইরি ফার্মে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের প্রায় ১২০০ গরুর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম ঘুরে দেখেন। ফার্মের কর্মকর্তারা জানান, সেখানে প্রজনন বৃদ্ধি ও উন্নত পুষ্টির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিন, ভুট্টা এবং আমেরিকান জেনেটিক্স ব্যবহার করা হচ্ছে।

খামারের সামগ্রিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা দেখে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্নত জেনেটিক্স ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্যও নতুন বাজার তৈরির সুযোগ উন্মোচন করছে। পরিদর্শন শেষে খামারে উৎপাদিত দুধ পান করেন তিনি।

ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি : এশিয়া পোস্ট
ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি : এশিয়া পোস্ট

পরবর্তী সময়ে বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাটে গিয়ে স্থানীয়ভাবে সরিষার তেল উৎপাদনের শতবর্ষী ঐতিহ্যবাহী ঘানি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। কাঠের তৈরি ঘানিতে সরিষা ভেঙে তেল নিষ্কাশনের কৌশল প্রত্যক্ষ করে তিনি বলেন, সরিষার তেল তৈরির এমন ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও সুন্দরভাবে টিকে আছে দেখে খুবই ভালো লাগল।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন, রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ, রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান এবং গঙ্গাচড়া মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১টার দিকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শনের উদ্দেশে গঙ্গাচড়া ত্যাগ করেন মার্কিন প্রতিনিধিদল। সংশ্লিষ্টদের মতে, এ সফর দ্বিপক্ষীয় কৃষি খাত ও প্রাণিসম্পদ প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা জোরদারে ভূমিকা রাখবে।