গণতন্ত্র ও বিজয়ের পথ কেউ নস্যাৎ করতে পারবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত দিনেও আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারেনি। ইনশাআল্লাহ আজকে যেমন আমরা গণতন্ত্র ও বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ কেড়ে নিতে পারবে না, কেউ নস্যাৎ করতেও পারবে না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আজকে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের মধ্য দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই—সেই মেসেজটা হচ্ছে এটাই, আগামী দিনের বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাব।
তিনি আরও বলেন, আমরা সব দল-মত ও সব ধর্মের মানুষের সহযোগিতা চাই। আগামী দিনে পৃথিবীর মানচিত্রে এই যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি—সে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম ৫২ সালে, সেটা অনন্তকাল আমরা দাঁড়িয়ে থাকব। এ ছাড়া পৃথিবীর মানচিত্রে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে ক্রমান্বয়ে উপনীত করব।
পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।