logo

বাকলিয়ায় শিশু ধর্ষণ: আদালতে অভিযোগপত্র দাখিল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
বাকলিয়ায় শিশু ধর্ষণ: আদালতে অভিযোগপত্র দাখিল
অভিযুক্ত মনির হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ।

মামলায় অভিযুক্ত মনির হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার বাখরাবাদ গ্যাস ফিল্ড এলাকায়। তিনি বাকলিয়ার মিয়াখাননগরে ভাড়া বাসায় থাকতেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, সাক্ষ্য-প্রমাণ, ভিকটিমের বয়স, ডাক্তারি সনদ, ডিএনএ রিপোর্ট এবং আসামির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে ২০০০ সালের (সংশোধিত ২০২৬) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়ার ১৯ নং ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা বালুরমাঠের মুখে একটি গোডাউন রুমে চার বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুর বাবা বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মনিরকে থানায় আনার সময় বাধা দেন স্থানীয়রা। তাদের দাবি ছিল জনতার হাতে মনিরকে ছেড়ে দিতে হবে। এক পর্যায়ে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে গেলে রণক্ষেত্রে পরিনত হয় বাকলিয়া। ছয় ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়ার পর মনিরকে থানা হাজতে নিতে সক্ষম হয় পুলিশ। পরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শিশুটিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও জখমের সনদপত্র সংগ্রহের পাশাপাশি ঘটনার বৈজ্ঞানিক সত্যতা নিশ্চিত করতে আসামির ডিএনএ পরীক্ষা করা হয়।