Advertisement

মাদারীপুরে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তরুণের

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
মাদারীপুরে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তরুণের
ডাসার থানা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম আশিক আকন (২২)। তিনি ডাসার উপজেলার ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রমজান বেপারী (২০)। তিনি একই উপজেলার বালিয়াগ্রাম এলাকার সোহেল বেপারীর ছেলে।

স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, আশিক ও রমজান মোটরসাইকেলে মাদারীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চন্দ্র পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী আহতদের সহায়তা না করে বাস নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবাইয়েত হোসেন আশিক আকনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের ভাষ্যমতে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত রমজান বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।