শপিং শেষে ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল স্বামীর

শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ায় দ্রুতগতির একটি বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় মো. ইমান আলী (৪৮) নামের একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ওই সড়কের জামগড়া চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. ইমান আলীর বাড়ি আশুলিয়ার নরসিংহপুর এলাকার মৃত বিনাত আলী ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমান আলী ও তার স্ত্রী একসঙ্গে মার্কেটে কেনাকাটা শেষ করে জামগড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। স্ত্রী রাস্তা পার হয়ে গেলেও স্বামী ইমান আলী সামান্য পেছনে পড়ে যান। ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতির একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।