logo

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক 

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাওরাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ ঘটনাটির সত্যতা এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের তহবিলের হিসাব-নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর আগে ২০ ফেব্রুয়ারি একই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে কমপক্ষে ১০ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে উত্তেজনা পুনরায় চরমে ওঠে।

পরিস্থিতির জেরে সন্ধ্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র—টেঁটা, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ দীর্ঘক্ষণ চলায় নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। রাত সাড়ে ৮টার দিকে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ওসি শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।