logo

পদ্মায় বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

পদ্মায় বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান 

বুধবার (২৫ মার্চ) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

রাজিব আহসান বলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তিন কার্যদিবসের মধ্যে আমাদের রিপোর্ট দেবেন। আর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারাও তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবেন। এরপর আমরা জানতে পারব কী ঘটেছিল।

তিনি আরও জানান, আজ সারা রাত উদ্ধারকাজ চলবে। ভোরের আলো ফুটলে কাজ আরও বেগবান হবে।

ঘটনাস্থলে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার সাংবাদিকদের বলেন, বাস ডুবে যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। তিনি দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। একই সঙ্গে তাকে অবগত করতে বলেছেন।

এর আগে, বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশে বাসটির ছাড়ার সময় মাত্র ছয়জন যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন।

এ ঘটনায় বাস থেকে এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বাকি দুজনের মরদেহ বাস তলিয়ে যাওয়ার সময় উদ্ধার করে স্থানীয়রা। বাস থেকে উদ্ধার হওয়া লাশের মধ্যে দুইজন শিশু, ১০ জন নারী ও চারজন পুরুষ। এ নিয়ে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।