ষড়যন্ত্র-নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত বিএনপি। দেশের বিভিন্ন স্থান কিংবা দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছেন, তাদের সতর্ক করে দিতে চাই, সাহস থাকলে সামনে এসে মোকাবিলা করুন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। কোনো হুমকি, ষড়যন্ত্র কিংবা নৈরাজ্য সৃষ্টি করে লাভ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ধাপে ধাপে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক হাচানুর রহমান শাকিল, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান খান, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল এবং সহসাধারণ সম্পাদক সোহেল রানা তোতা।
সমাবেশ সঞ্চালনা করেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির।
