টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার নলীন ও জগৎপুরা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নলীন ও জগৎপুরা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে গতকাল দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন।
একপর্যায়ে হেমনগরের পক্ষ থেকে মাইকিং করে হেমনগরবাসীকে যার যার অস্ত্র নিয়ে নলীন বাজারে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার জানান, নতুন করে বড় ধরনের সহিংসতা এড়াতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



