logo
Advertisement

পথ হারিয়ে টিনের চালে উঠে পড়ল ষাঁড়

পথ হারিয়ে টিনের চালে উঠে পড়ল ষাঁড়
টিনের চালে উঠে আটকে থাকা ষাঁড়। ছবি : এশিয়া পোস্ট

পথ হারিয়ে একটি ষাঁড় উঠে পড়েছিল দোকানের টিনের চালে। তবে ওঠার পর আর নামার পথ না পেয়ে চালে আটকা পড়ে ষাঁড়টি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সামনের মো. সরোয়ারের কম্পিউটার দোকানে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ষাঁড়টির মালিক দিরাই পৌরসভার বাগবাড়ি এলাকার আবুল বশর।

স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই পৌর শহরের বাগবাড়ির বাসিন্দা আবুল বশরের ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় ও ঘাস খায়। মঙ্গলবার বিকেলে ষাঁড়টি পথ হারিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতের একটি বাড়িতে ঢুকে পড়ে। একপর্যায়ে সেটি বাড়ির সিঁড়ি দিয়ে উঠে পাশের একটি টিনসেড কম্পিউটার দোকানের চালে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ষাঁড়টিকে নিরাপদে নিচে নামানো হয়। চালে দাঁড়িয়ে থাকা ষাঁড়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ষাঁড়ের মালিক আবুল বশর জানান, ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশেই ঘুরে বেড়ায়। কীভাবে এটি দোকানের টিনের চালে উঠল তা বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, পথ হারিয়ে পাশের বাড়ির সিঁড়ি দিয়ে উঠে এটি চালে আটকে পড়েছিল। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ষাঁড়টিকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো খবর আসেনি। একটি ষাঁড় কীভাবে টিনের চালে উঠল, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।