নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়ায় ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীনপাড়া এলাকার মোহাম্মদ নাছির চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি সরকারবিরোধী তৎপরতা চালানো এবং এলাকায় সহিংসতা সৃষ্টির অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

