logo

বৈধতা ছাড়া টাকার বিনিময়ে সরকারি টিকা প্রদান, নারীর কারাদণ্ড

বৈধতা ছাড়া টাকার বিনিময়ে সরকারি টিকা প্রদান, নারীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ শহরের খানপুরে টাকার বিনিময়ে সরকারি বরাদ্দ দেওয়া ইপিআই টিকা দেওয়ার অপরাধে আফরোজ বেগম (৫০) নামের এক নারীর এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ডিত আফরোজা শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত আমিনুল হোসেনের মেয়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সরকারি টিকাসহ তাকে হাতেনাতে ধরা হয়েছে। টিকা দেওয়ার তাদের কোনো বৈধতা নেই। দেশের প্রচলিত আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।