logo

বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে কবি সম্মেলন শুরু

বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে কবি সম্মেলন শুরু
বগুড়ায় বগুড়া লেখক চক্রের আয়োজনে তিন দিনব্যাপী কবি সম্মেলন উপলক্ষে বের করা বর্ণাঢ্য ‘কবি র‌্যালি’তে অংশ নেওয়া কবি-সাহিত্যিক ও অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক কবি ও সাহিত্যিকের অংশগ্রহণে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে এবারের সম্মেলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বগুড়া লেখক চক্রের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক। তিনি অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন। পারিবারিক কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় সম্মেলন উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ শুভেচ্ছা জানিয়েছেন।

উদ্বোধনের পর বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, সম্মেলনের স্মরণিকা, দুটি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘নিজস্ব দুঃখগুলো’ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আইনজীবী পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক ও ছড়াকার ইমরুল ইউসুফ।

কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী মাহফুজ ফারুক অনুষ্ঠান সঞ্চালনা করেন।

তিন দিনের সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও দুটি সেমিনার, পাঁচটি মুক্ত আলোচনা এবং সাতটি স্বরচিত কবিতা ও ছড়া পাঠের পর্ব রয়েছে। দ্বিতীয় দিন শনিবার বিকেল চারটায় আটজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ দেওয়া হবে। সম্মেলনের তৃতীয় দিনে কবিরা জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন।

সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমির প্রকাশনা এবং শীতকালীন পিঠা পাওয়া যাচ্ছে। বগুড়া লেখক চক্রের স্টলে বিক্রি হচ্ছে জাতীয় ও স্থানীয় লেখকদের বই এবং লিটল ম্যাগাজিন।

উদ্বোধনের আগে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেওয়া কবি-সাহিত্যিকেরা নেচে-গেয়ে আনন্দ করেন।

সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী আয়োজনের পাশাপাশি একটি সেমিনার, তিনটি মুক্ত আলোচনা ও তিন পর্বে কবিতা-ছড়া পাঠ অনুষ্ঠিত হয়। এ ছাড়া কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও তার কবিতা আবৃত্তি করা হয়।