logo

দিনাজপুরে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী আটক

দিনাজপুরে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী আটক
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়কও রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হিলির মুহাড়াপাড়া গ্রামের মাহে আলম প্রধান (৫০), তার দুই ছেলে রিমন (২৮) ও শাহরিয়ার প্রধান রিফাত (২৫) এবং ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩০)। আটকদের মধ্যে মাহে আলম প্রধান হাকিমপুর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, রিমন পৌর ছাত্রদলের আহ্বায়ক, শাহরিয়ার প্রধান রিফাত পৌর ছাত্রদলের সদস্য এবং বেলাল হোসেন পৌর যুবদলের সদস্য।

অভিযানে হাকিমপুর থানা-পুলিশ, জয়পুরহাট ২০ বিজিবি, এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অংশ নেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরবরাহের জন্য মাদক ব্যবসায়ীরা বাড়িতে মাদক মজুত করেছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে হিলির মুহাড়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। পরে আটক এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ চারজনকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল, তিনটি মুঠোফোন ও নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার করা মালামালের জব্দমূল্য এক লাখ ৭৮ হাজার ২০০ টাকা।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম জানান, শনিবার রাতে যৌথ বাহিনী মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।