টাঙ্গাইলে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মো. শহীদ মন্ডল (৬০) নামে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ১নং দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে শহীদ মন্ডলের ওপর ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, সন্ধ্যায় শহীদ মন্ডল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

