logo
Advertisement

জামালপুরে নাশকতা প্রতিরোধে রাতভর পুলিশের অভিযান

জামালপুরে নাশকতা প্রতিরোধে রাতভর পুলিশের অভিযান
জামালপুর শহরে অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার বাসে তল্লাশি চালাচ্ছেন জেলা পুলিশের সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে জামালপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর বিশেষ টহল ও তল্লাশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ সময় শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়।

রোববার (২০ আগস্ট) রাতে শহরের টিউবওয়েলপাড়া, বাইপাস, বিজয় চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ টহল পরিচালনা করা হয়। টহল চলাকালে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয়।

শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারি করতে দেখা যায় পুলিশ সদস্যদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, জামালপুর জেলার প্রত্যেকটি প্রবেশপথে আমরা চেকপোস্ট বসিয়েছি। কেউ যাতে নাশকতা করতে না পারে এবং নাশকতার উদ্দেশ্যে জামালপুর থেকে কেউ যাতে বাইরে যেতে না পারে, সে লক্ষ্যে কাজ করছি। জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটিও নিশ্চিত করার চেষ্টা করছি। জনগণের নিরাপত্তার স্বার্থে এ ধরনের টহল ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।