আশুলিয়ায় ২ জনকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাভারের আশুলিয়ায় গুলি করে দুজনের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার রাজা-বাদশাহ মার্কেটের পাশে মৃধা বাড়ি ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে আলামিন ও পারভেজ নামে দুজন গুরুতর আহত হয়েছেন। তদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ আলামিন বলেন, তিনি ঠিকাদার, আর পারভেজ দোকান কর্মচারী। তারা দুজনই জামগড়া এলাকাতেই থাকেন।
তিনি বলেন, পাওনা টাকা তুলে ভোরে দুজন মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। তখন জামগড়া মৃধা বাড়ি ঈদগাহ মাঠের সামনে আলাদা দুটি মোটরসাইকেলে আসা চারজন তাদের পথ রোধ করেন। তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাদের দুজনকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
স্থানীয়রা বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার রাজাবাদশাহ মার্কেটের পাশে মৃধা বাড়ি ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় পাঁচ বার গুলির শব্দ পান তারা।
জামগড়া রাজা-বাদশা মার্কেটের স্থানীয় বাসিন্দা সালাম মৃধা বলেন, ভোর সাড়ে ৫টার দিকে এ রকম একটি ঘটনা ঘটেছে শুনেছি। মার্কেট থেকে সামনে এগিয়ে ঈদগাহ মোড়ে একটি হোটেল আছে, সেখানে ঘটেছে। ওই সময় হোটেল খোলা ছিল। ওরা সব দেখেছে, আর আমরা এলাকার অনেক মানুষই গুলির শব্দ শুনেছি। প্রায় পাঁচ বার শব্দ শুনেছি আমি।
তিনি বলেন, লোকোমুখে শুনেছি, এ সময় পারভেজ মোটরসাইকেল চালিয়ে গেছেন এখান থেকে। এই পারভেজকে এর আগে তিনি ও স্থানীয় কালাম মাদবর মাদকসহ ধরে কালাম মাদবরের অফিসে এনেছিলেন। পারভেজের প্রধান ব্যবসা ইয়াবা ও গাঁজা বিক্রি করা। তবে ওই ঘটনায় কে যে গুলি করেছে, কাকে করেছে এটা কেউ বলতে পারছে না। তবে ঘটনার আগে তারা ওই হোটেলে খাওয়া-দাওয়া করেছেন।
তবে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটলেও এ বিষয়ে জানে না পুলিশ। জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, রাজা-বাদশা মার্কেটটি যে আমাদের আওতাধীন ইয়াফুর ইউনিয়নে পড়েছে, বিষয়টি জানতাম না। আর ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত কোনো খবর পাইনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, এ ধরনের ঘটনা ঘটেছে—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। ঘটনার সত্যতাও আছে কি না জানি না। খবর নিতে হবে, তারপরে বিস্তারিত বলা যাবে।