logo
Advertisement

অফিসে না এসেই হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, দুই এসিল্যান্ড বদলি

অফিসে না এসেই হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, দুই এসিল্যান্ড বদলি
বদলি হওয়া অংমাচিং মারমা ও দেবযানী কর। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের আকস্মিক পরিদর্শনের সময় কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দুই সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার দেবযানী করকে নিয়মিত বদলির অংশ হিসেবে খুলনায় এবং ফতুল্লার সহকারী কমিশনার অংমাচিং মারমাকে প্রতিমন্ত্রীর পরিদর্শনের ঘটনায় চট্টগ্রামে বদলি করা হয়েছে।

এ ঘটনায় সদর উপজেলা সহকারী কমিশনার সাদিয়া আক্তারকে অনুপস্থিতির বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি এখনো একই পদে বহাল রয়েছেন।

এর আগে গত ৩১ আগস্টের ওই পরিদর্শনের ঘটনায় সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের মোট ১৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়ার কাছে আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য দিয়েছেন। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নোটিশ পাওয়া আরও কয়েকজনের বিষয়েও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

নোটিশে বলা হয়, ৩১ আগস্ট সকালে প্রতিমন্ত্রী ভূমি অফিস পরিদর্শনে গিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে পাননি। অথচ ওই দিনের হাজিরা খাতায় আগের দিনই তাদের স্বাক্ষর ছিল। ঘটনাটিকে গর্হিত অপরাধ উল্লেখ করে এটি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮-এর ‘খ’ ধারায় বর্ণিত অপরাধ এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯-এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। সংশ্লিষ্টদের তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল।

নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুস সাত্তার, সার্ভেয়ার মো. আসাদুজ্জামান, নাজির কাম ক্যাশিয়ার মাসুম মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহফুজা আক্তার, সার্টিফিকেট সহকারী সাদিয়া আক্তার, চেইনম্যান মীর মোজাম্মেল হক, অফিস সহায়ক আব্দুস সালাম (রূপম), ইউনূস আলী, মোক্তার হোসেন ও গাড়িচালক নাদিম হায়দার রয়েছেন।

এ ছাড়া সিদ্ধিরগঞ্জের কানুনগো ফারুক আলম, সার্ভেয়ার জামাল উদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী জান্নাত হোসেন, নাজির কাজী তানজিরুল হক, অফিস সহায়ক মোকলেছ শেখ ও চেইনম্যান রফিকুল ইসলাম এবং ফতুল্লার সার্ভেয়ার মিল্টন রায় ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাহাদাতও নোটিশ পেয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, সরকারি চাকরি বিধি অনুযায়ী একই কর্মস্থলে তিন বছরের বেশি থাকার সুযোগ নেই। নির্ধারিত সময়ের বেশি একই অফিসে কর্মরতদের তালিকা করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।