শেখ হাসিনার আইনজীবী পরিবর্তন করা উচিত: ব্যারিস্টার খোকন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাকে পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার আইনজীবী ভুল করছেন বলে মনে হচ্ছে। তার পরিবর্তন করা উচিত।’
শুক্রবার (২৭ নভেম্বর) নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, প্রতিশোধের রাজনীতিতেও বিশ্বাস করেন না। দেশের সব নাগরিকের কল্যাণ ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করেছেন।’
তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সৈয়দ রেজাই রাব্বি মাহবুব, সাবেক কাউন্সিলর জালাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

