নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও গুলিবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আরও তিনজন পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর/মটকচর গ্রামের দবির উদ্দিনের ছেলে জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ গ্রামের আ. আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে মো. রাতুল শেখ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয়জনের একটি দল নির্জন সড়কে পিস্তল দেখিয়ে একটি ইজিবাইকের গতিরোধ করে। এ সময় তারা ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। যাত্রীদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময় ওই সড়ক দিয়ে যাওয়া একটি প্রাইভেট কারের যাত্রীরা ছিনতাইকারীদের ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে এ সময় বাকি তিনজন পালিয়ে যান।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ম্যাগাজিন ও গুলিবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

