পাটগ্রাম সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২২ মে) বিকেল ৩টার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ওই এলাকার মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় একদল চোরাকারবারি ভারতীয় কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে। তাৎক্ষণিকভাবে অনুপ্রবেশকারীদের পরিচয় জানা যায়নি।
বিজিবি সদস্যরা চোরাকারবারীদের বাংলাদেশ সীমান্তে প্রবেশে বাধা ও সতর্কসংকেত দিলে তারা অমান্য করে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে বিজিবি ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে চোরাকারবারিরা দ্রুত সীমান্ত অতিক্রম করে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, ভারতীয় সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া ছেদ করে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের সতর্ক করে। তবে সে ভারতীয় না বাংলাদেশি এ বিষয় জানা যায়নি এখনও। তবে নির্দেশ অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়েছে।



