সৌদি আরবের এক দিন আগেই চাঁদপুরে ঈদ উদযাপন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় ৭ জন মুসল্লি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ জামায়াত অনুষ্ঠিত হয়।
জানা যায়, ঈদের জামায়াতে ইমামতি করেন মাওলানা ইসহাকের ছেলে মাওলানা আবু বক্কর চৌধুরী। সীমিত পরিসরে অনুষ্ঠিত এই জামায়াতে অংশ নেন মাত্র ৭ জন মুসল্লি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিন্ন মতাবলম্বী হওয়ায় তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে থাকেন। প্রতি বছরের মতো এবারও তারা নিজস্ব ব্যবস্থাপনায় ঈদের নামাজ আদায় করেন। এদিকে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত ধর্মীয় চর্চা হিসেবে দেখলেও, আবার কেউ সামগ্রিক ঐক্যের বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
ইমাম মাওলানা আবু বক্কর জানান, আফগানিস্তান, নাইজার ও মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি। এতে মোট সাত মুসল্লি অংশগ্রহণ করেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর জব্বার জানান, সাদ্রা দরবার শরিফের মাওলানা আরিফের মেজ ভাই মাওলানা আবু বক্কর তার নিজ পরিবারের সাতজনকে নিয়ে নামাজ আদায় করেছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ অন্তত ৪০টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগে ঈদ উদযাপন করা হয়। ১৯২৮ সাল থেকে মাওলানা ইছহাক (রহ.) এই প্রথা শুরু করেন, যা বর্তমানে তার অনুসারীরা সারা বিশ্বের চাঁদ দেখার ওপর ভিত্তি করে অনুসরণ করে আসছেন। কিন্তু এবার সৌদি আরবের এক দিন আগেই চাঁদপুরে ঈদ উদযাপন হয়েছে।