logo

টেকনাফে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

টেকনাফে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২
টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষ। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সিকদারপাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তোফাইলের নেতৃত্বে একদল লোক হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় হেলাল গুলিবিদ্ধ হন। অপরদিকে হারুন আহত হন।

স্থানীয়দের ভাষ্য, সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার মৌলভী গফুরের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী পানছড়িপাড়া এলাকার আলু গোলার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতীতেও দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রের দাবি, বর্তমানে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সদস্য শামসু মেম্বারের ভাই তোফাইল এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মৌলভী গফুরের ছেলে রাসেল।

এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ দীর্ঘদিনের। মাঝেমধ্যে প্রকাশ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, বিরোধে জড়িত উভয় পক্ষের বিরুদ্ধেই মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধসহ দুজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হেলালের কোমরের ডান পাশে গুলির আঘাত রয়েছে। হারুনের মাথা ও বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবরাং বাজারে দুপক্ষের কথা-কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।