নিহতদের মধ্যে চারজন এক পরিবারের, অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন হাসপাতালে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে চারজন এক পরিবারের সদস্য। তারা অ্যাম্বুলেন্স যোগে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার শংকরপাশা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন, তার ভাই জাহাঙ্গীর হোসেন, তাদের পিতা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম এবং মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন।
স্বজন ও স্থানীদের বরাতে পুলিশ জানায়, পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। গ্রামের বাড়ি মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্সে রওনা হন। শংকরপাশা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
