সোনাদিয়ার চরে বিদেশি পর্যটকদের উপর জলদস্যুদের হামলা

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার চরে অবস্থানরত নিউজিল্যান্ডের একটি পর্যটক দলের বোটে জলদস্যু হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে চার পর্যটককে অক্ষত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, ২০২৪ সালে নিউজিল্যান্ডের নাগরিক জন এওয়ার্ড পুডনেই তার পরিবারের চার সদস্যকে নিয়ে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। পরে ব্যক্তিগত উদ্যোগে একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের পরিকল্পনা করেন তারা। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকির কথা জানিয়ে তাদের এ ধরনের যাত্রা থেকে বিরত থাকতে পরামর্শ দেয়। গত ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, পর্যটকদের ভিসার মেয়াদ চলতি বছরের ১৬ জানুয়ারি শেষ হয়ে যায়। তবুও তারা নির্দেশনা উপেক্ষা করে সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় বুধবার মধ্যরাতে একদল জলদস্যু অতর্কিত হামলা চালিয়ে তাদের মালামাল লুট করে নেয়।
তাৎক্ষণিক খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে লুট করা মালামাল ফেলে রেখে পালিয়ে যায় জলদস্যুরা। পরে চার বিদেশি পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামাল ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ছাড়া উদ্ধার পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়।


