logo

মমেক হাসপাতালে সাত মাসে হামের উপসর্গে ৮২ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে সাত মাসে হামের উপসর্গে ৮২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ৮২ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮।

শনিবার (২৪ অক্টোবর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ময়মনসিংহের ভালুকা থেকে গত ১৫ অক্টোবর সকাল ১০টার দিকে ১৫ মাস বয়সী এক শিশুকে হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। ওই শিশুসহ অন্যান্য শিশুদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটি হামের উপসর্গের পাশাপাশি মস্তিষ্কের আবরণে প্রদাহ এবং সেপটিক শকে মারা যায়।

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৪ অক্টোবর সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাঁচ হাজার ৪২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে পাঁচ হাজার ১৫৭ শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।