এমপি জয়নালের হোয়াটসঅ্যাপ হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে বিকাশ নম্বরে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে ওই নম্বরটি ব্যবহার করে এমপির পরিচিতজনদের কাছে খুদে বার্তা পাঠিয় টাকা চাওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনাটি জানার পর এমপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর থেকে এমপির ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিকাশ নম্বর পাঠিয়ে পরিচিতজনদের কাছে টাকা চাওয়া শুরু করে একটি প্রতারক চক্র। বিষযটি ভুক্তভোগীরা এমপিকে সরাসরি অবহিত করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
এ বিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) গোলাম কিবরিয়া পূর্ণ জানান, রোববার দুপুর সাড়ে ১২টা থেকে এমপি স্যারের হোয়াটসঅ্যাপ নম্বরটি ওনার নিয়ন্ত্রণে নেই। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, অধ্যাপক জয়নাল আবদিন ভিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র তার পরিচয় ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে টাকা পাঠাতে বলছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, তার পক্ষ থেকে কোনো টাকা চাওয়ার বার্তা পাঠানো হয়নি এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে সকলকে সতর্ক করে বলা হয়, হোয়াটসঅ্যাপে এমপির পরিচয়ে কেউ টাকা চাইলে কোনোভাবেই টাকা না পাঠাতে এবং এমন বার্তা পেলে সরাসরি বিশ্বস্ত মাধ্যমে যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি কোনো প্রতারণামূলক বিকাশ নম্বর বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বার্তা পেলে তা সংরক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
