logo

কালীগঞ্জে সেতুর নিচ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কালীগঞ্জ, গাজীপুর
কালীগঞ্জে সেতুর নিচ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জ থেকে উদ্ধার হওয়া বিদেশি অস্ত্র। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের কালীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

রোববার (৪ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানাধীন ২৮ নম্বর সেক্টরের শালবন ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে এসআরবি-১ অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই রাতে খবর আসে, শালবন ব্রিজের নিচে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এসআরবি-১-এর সিপিসি-১ ও সিপিসি-৩-এর যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

তিনি বলেন, অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্রিজের নিচের একটি ড্রেন থেকে একটি ৭.৬৫ ক্যালিবারের বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

শাহ আলম জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুরের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।