পিরোজপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামে এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘঠে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জগন্নাথকাঠি বন্দরের সাবেক সভাপতি মো. আব্দুস সালাম, কাঞ্চন কাজীর ছোট ছেলে মোহাম্মদ তপু কাজী এবং মেজ ছেলে মোহাম্মদ লিটু কাজী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী তপু কাজী বলেন, রাত ১টা ২০ মিনিটের দিকে বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। ডাকাতদের হাতে রামদা, শাবল, বড় রেঞ্চ ও কাঁচিসহ বিভিন্ন সরঞ্জাম ছিল। প্রায় ২টা পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থান করে তারা স্বর্ণালংকার ও নগদ অর্থসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রাত আড়াইটার দিকে ডাকাতরা লিটু কাজীর টিনশেড ভবনের সামনের লোহার দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ডাকাতরা চার আনা ওজনের একটি স্বর্ণের আংটি, দুটি রুপার চেইন, দুটি নূপুর এবং নগদ ১২ হাজার টাকা লুট করে। রাত তিনটার দিকে তারা ওই বাড়ি ত্যাগ করে।
একই রাতে ৩টার দিকে ডাকাতদল জগন্নাথকাঠি বন্দর এলাকার সাবেক সভাপতি আব্দুস সালামের বাড়ির সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সে সময় বাড়িতে তার স্ত্রী ও দুই মেয়ে অবস্থান করছিলেন। আব্দুস সালামের জানান, ডাকাতরা তাদের ঘুম থেকে তুলে একটি কক্ষে আটকে রাখে এবং নগদ এক লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে ভোর রাতে এলাকা ছেড়ে চলে যায়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভোর রাতে সার্কেল এসপিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ বা মামলা করেননি।
নেছারাবাদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণয় রায় বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা সকালে এবং বিকালেও ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আমরা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।





