logo

জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ শিক্ষার্থীর কেউই পাস করেননি

জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ শিক্ষার্থীর কেউই পাস করেননি
মুখলেছুর রহমান স্কুল এন্ড কলেজ। ছবি : এশিয়া পোস্ট

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জামালপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ছয়জন শিক্ষার্থী। তাদের কেউই পাস করতে পারেননি। মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া চার শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।

অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নেন। এই দুই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীও পাস করতে পারেননি।

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বোর্ডের ফলাফল অনুযায়ী, শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। অন্যদিকে, ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি। সেখানে কর্মরত শিক্ষকেরা জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় অবস্থান করেন। এ কারণে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয় না। গত বছরও প্রতিষ্ঠানের ফলাফল খারাপ ছিল, তবে এবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আগামী বছর ফলাফলের উন্নতি করতে চেষ্টা করবেন বলে জানান তিনি।

এদিকে, গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম এশিয়া পোস্টকে বলেন, জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য—বিষয়টি আমরা অবগত আছি। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট