logo
Advertisement

যশোরে বাসের ধাক্কায় ফুপু-ভাতিজা নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,যশোর
যশোরে বাসের ধাক্কায় ফুপু-ভাতিজা নিহত
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফুপু ও ভাতিজা নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) এবং লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আমজেদ গাজী ও আছিরন বিবি একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে পৌঁছালে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় দুই আরোহী সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে গেলে চালক ও সহকারী বাস রেখে পালিয়ে যান।

পরে স্থানীয়রা ও পুলিশ আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজনীন নিগার আমজেদ গাজীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আছিরন বিবি।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারীকে আটকে অভিযান চলছে। ঘটনার পর মহাসড়কে কিছুটা সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরবর্তীতে স্বাভাবিক হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।