ঈদের আগে শ্রমিকের বকেয়া বেতন দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেছেন, ঈদের আগেই শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
ব্যক্তি পর্যায়ে কর বাড়ানো হবে না বলে জানিয়ে খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে মিডিয়ায় এসেছে। বাংলাদেশে ট্যাক্স জিডিপির হার অনেক কম। আশাপাশের সব দেশে অনেক বেশি। বাংলাদেশে এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয় তা সরকারের খরচ মেটাতে চলে যায়। উন্নয়নে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপির হার বাড়ানোর কথা বলেছেন। ব্যক্তি খাতে কর বাড়বে না।
তিনি বলেন, রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রথম দু-এক দিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম অহেতুক বেড়ে গিয়েছিল। এখন আবার আগের অবস্থায় চলে এসেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য (ফ্রি ট্রেড) চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় প্রবাসী, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি অংশ নেন। পরে তারা নদীভাঙন-কবলিত সুরমা ও চেঙ্গেরখাল নদী এলাকা পরিদর্শন করেন।
এর আগে সকালে সিলেটের মদনমোহন কলেজে এক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। বিকেলে সিলেট সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভা ও ইফতার মাহফিরে যোগ দেন তিনি। রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।