বড়লেখা সীমান্তে গোলাগুলি, ভারতীয় চোরাকারবারি আটক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছে চোরাকারবারীরা। বিজিবির পাল্টা গুলিতে বলাই দাস নামে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। তাকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে।
সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলিবর্ষণ করে। সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক (চোরাকারবারি) বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, আটক বলাই দাস বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান।
তিনি আরও বলেস, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।



