মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে মাদকবিরোধী অভিযানে গিয়ে রুপন কান্তি দে নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করতে হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযানে যায়। অভিযান শেষে ফেরার পথে হারবাং বাস স্টেশনে অসুস্থ অনুভব করলে এএসআই রুপন কান্তিকে দ্রুত বরইতলী নতুন রাস্তার মাথায় মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই রুপন কান্তির নেতৃত্বে মাদক কারবারি জুনাইদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় এএসআই রুপন বড়ুয়া হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি বমি এবং প্রশ্রাব করে দেন। হাতের মুষ্টি বন্ধ করে ফেলেন। তখন তাকে দ্রুত ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনা শেষে এএসআই রুপন কান্তি দে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুপন বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য এএসআই রুপন কান্তি দে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে স্ট্রোকজনিত স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিথ্যা তথ্য প্রচারণায় সবাইকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।’