রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত

রাজশাহীর মোহনপুরে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খারুইল এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ফিরোজ ইসলাম (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় মাহিন্দ্রাটি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চারজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
