শাহজালাল মাজারের দানবাক্সে সারওয়ার আলমকে নিয়ে যুবকের চিরকুট, মিলল নতুন তথ্য

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা দ্বিতীয়বারের মতো গণনা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে এই টাকা গণনা করা হয়।।
মাজারের তিনটি ডেগ ও ছোট-বড় পাঁচটি দানবাক্সে মোট পাঁচ বস্তা টাকা পাওয়া গেছে। তবে দানের টাকার সঙ্গে পাওয়া গেছে কয়েকটি চিরকুট। যেখানে জেলার সাবেক জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে নিয়ে লিখেছেন অনেকে।
চিরকুটের মধ্যে একটি লিখেছেন আবু জলিল হাবিব নামের একজন। তিনি সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছন। এই চিরকুটেই খোকন নামে একজনের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে।
চিরকুটে লেখা রয়েছে, ‘খোকন বাটপার সে মাজারের গরু, ছাগল, হাঁস, মোরগ বেচাকেনা করে। মাজারের খাদেমের অর্ধেকেরও বেশি তার ইশারায় চলে। খোকনের কারণে পূর্বের অনেক কর্মরত কর্মচারী চাকরি হারা, তাদের মধ্যে কিছু সবজি বিক্রি করে জীবন-জীবিকা চালান। আমি চাই তার সঠিক বিচার হউক।’
চিরকুটের শেষ অংশে লেখা রয়েছে, ‘সারোয়ার আলম ফিরে আসুক সিলেটে।’
তবে চিরকুটে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তি খোকনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় সারোয়ার আলম শাহজালাল (রহ.) মাজারের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নেন। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ২১ জুন তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে উপসচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
পরে ২২ জুন তিনি মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গননা করেন। সে সময় ১৭ লাখ ৬৫ হাজার টাকা পাওয়া যায় চার দিনে। আজ ১৯ দিনের মাথায় ফের গণনা চলছে।
এর আগে, ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।




