logo
Advertisement

দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় চাচি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজনরসিংদী
দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় চাচি গ্রেপ্তার
গ্রেপ্তার ফারজানা আক্তার লতা বেগম। ছবি: এশিয়া পোস্ট

নরসিংদীতে শিশু সন্তানের পা মুচড়ে দেওয়ার মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত ও মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সম্প্রতি নরসিংদী জেলার মাধবদী থানাধীন এক শিশুর ওপর অমানুষিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পা মুচড়ে নির্মমভাবে আঘাত করা হচ্ছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়।

‘এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফারজানা আক্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হবে।’

এর আগে গত ১৪ জুলাই রাতে আপন চাচি কর্তৃক শিশুর ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা করেন। মামলায় চাচি লতা বেগমের পাশাপাশি তার স্বামী কাউছার আহমেদ এবং বাবা আলমাছ মিয়াকে আসামি করা হয়।

এ ঘটনার পর থেকে চাচি লতা পলাতক থাকলেও তার স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকে আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।