আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ৩ যুবলীগ নেতার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতি মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর ও পৌর যুবলীগ নেতা তরুণ পোদ্দার। পতাকা উত্তোলন শেষে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাকিবুজ্জামান লস্কর রাকিবকে বলতে শোনা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবুর নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে ফুল বা জাতীয় পতাকা কিছুই পাইনি।