Advertisement

গোবিন্দগঞ্জে রোগীদের সরকারি ওষুধ না দেওয়ায় চিকিৎসককে স্বাস্থ্যমন্ত্রীর জরিমানা

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
গোবিন্দগঞ্জে রোগীদের সরকারি ওষুধ না দেওয়ায় চিকিৎসককে স্বাস্থ্যমন্ত্রীর জরিমানা
গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেনে। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সরকারি ওষুধ না দেওয়ায় এক চিকিৎসককে আর্থিক জরিমানা করেছেন তিনি।

রোববার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এর আগে, বেলা ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনে তিনি হাসপাতালের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির, আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ময়নুল হাসান সাদিক, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুলসহ অন্যরা।

এদিকে মন্ত্রীর পরিদর্শনের সময় হাসপাতালের নানা অনিয়ম তুলে ধরে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে সচেতন নাগরিক ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী গিয়ে মানববন্ধনকারীদের অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এরপর উপস্থিত সাংবাদিকদের হাসপাতালটির নানা অব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত দীর্ঘ সতেরো বছরে স্বাস্থ্য খাতকে অবহেলা করা হয়েছে। আমাদের সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে ৫ মাস হয়েছে। তবুও আমরা চেষ্টা করছি ডাক্তারদের নিয়মানুবর্তিতা বৃদ্ধি ও দুর্নীতি বন্ধ করার। তিনি আরও বলেন, হাসপাতালটিতে নানা অব্যবস্থাপনা রয়েছে। সবকিছু নোট করে নিয়েছি। ঢাকায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেই সঙ্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৯ তলা বিশিষ্ট হাসপাতালের নির্মিত ভবনটির কার্যক্রম শুরুর বিষয়ে বলেন, জনবল ও ভবনটির যন্ত্রপাতির পর্যাপ্ত পরিমাণ ঘাটতি রয়েছে। ডিসেম্বরের মধ্যে নতুন ভবনটির যাবতীয় যন্ত্রপাতি, সরবরাহ ও জনবল নিয়োগ দিয়ে পুরোদমে কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

এর আগে, বেলা ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে করেন। এ সময় সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অপরাধে উপসহাকরী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী ও মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান নামে দুইজনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দ এশিয়া পোস্টকে বলেন, আমরা জানতাম না মন্ত্রী পরিদর্শনে আসবেন। আমি বগুড়া আদালতে সাক্ষী দিতে গিয়েছিলাম। মন্ত্রীর আসার খবরে হাজিরা করেই এসেছি, মন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, যাওয়ার পথে মন্ত্রী অভিযুক্ত করা চিকিৎসককে অভিযোগকারী রোগীর ভ্যাকসিনের ১ হাজার ৩০ টাকা পরিশোধের আর্থিক দণ্ডের কথা বলেছেন। পরিশোধ করলে তাকে বহিষ্কার হতে হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। এটি তার মৌখিক নির্দেশ ছিল।