logo

কুমিল্লায় তরিকত ফেডারেশন ও আ.লীগের ১৭০০ নেতাকর্মী বিএনপিতে যোগদানের দাবি

কুমিল্লায় তরিকত ফেডারেশন ও আ.লীগের ১৭০০ নেতাকর্মী বিএনপিতে যোগদানের দাবি
বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে স্বাগত জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার বরুড়া উপজেলায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৭০০ ও আওয়ামী লীগের এক হাজারের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে বলে দাবি করা হচ্ছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বরুড়া উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

অনুষ্ঠান থেকে জানানো হয়, তরিকত ফেডারেশনের কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব ও বরুড়া উপজেলা বাজুসের সভাপতি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় ৭০০ কর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ নেতা গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া, আগানগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির, শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল দাসসহ এক হাজারের বেশি আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

জাকারিয়া তাহের সুমন নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে জানান, ভালো মনের মানুষদের দলে যুক্ত করতে চান তিনি। একই সঙ্গে এমন কোনো কাজ না করার আহ্বান জানান, যাতে দলের বা তার সম্মান ক্ষুণ্ন হয়।