২১৬ দিন পর গ্যাস পেল যমুনা সার কারখানা, উৎপাদনে যেতে সময় লাগবে আরও

২১৬ দিন বন্ধ থাকার পর জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস সংকটের কারণে গত ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী এ কারখানাটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে কর্মকর্তা-কর্মচারী ও কৃষি সংশ্লিষ্টদের মধ্যে।
রোববার (২০ সেপ্টেম্বর) কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন গ্যাস সরবরাহ শুরুর বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানাটিতে গ্যাস সরবরাহ শুরু করে। তবে গ্যাস সরবরাহ শুরু হলেও কারখানার যন্ত্রপাতি সচল করে ইউরিয়া উৎপাদন শুরু করতে আরও অন্তত ১৫ দিন সময় লাগবে।
কারখানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।
দীর্ঘদিন পর গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কারখানার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে আগামী ১৫ দিনের মধ্যে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে কারখানার বিভিন্ন যন্ত্রপাতি সচল করে উৎপাদনে যেতে অন্তত ১৫ দিন সময় লাগবে।
