লিচুগাছের ডাল ভাঙার অভিযোগে শিশুকে মারধর, ভিডিও ভাইরাল

কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় লিচুগাছের ডাল ভাঙার অভিযোগে এক শিশুকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
শুক্রবার (৫ জুন) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শাসনগাছা বড়বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দা অমি (৩০) প্রতিবেশী এক শিশুর বিরুদ্ধে তাদের লিচুগাছের ডাল ভেঙে ফেলার অভিযোগ তোলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি শিশুটিকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটিকে গেঞ্জির কলার ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাকে সড়ক ও শানবাঁধানো ঘাটে কয়েকবার আছড়ে ফেলা হয়। এ সময় আশপাশে কয়েকজন লোক উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী শিশুটির বাবা মো. হাসান বলেন, ছোট মানুষ, ভুল করে গাছের ডাল ভেঙে থাকতে পারে। তাই বলে এভাবে মারধর করার কোনো অধিকার কারও নেই। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এশিয়া পোস্টকে বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। শিশুর বাবার করা মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত অমি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
