ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে যায়। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝায় ডাম্পট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, অতিরিক্ত গতি আর ওভারটেক করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।