ইয়াবাসহ গ্রেপ্তারের পর ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রুবেল ভূঁইয়াকে (২৫) সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রুবেল ভূঁইয়াকে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ এবং বাউফল উপজেলা ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
‘সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের রুবেল ভূঁইয়ার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান অনুমোদন করেছেন।’
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, দলের শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে ছাত্রদল কোনো ধরনের আপস করে না। সংগঠনবিরোধী বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী রুবেল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৬ জুন ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী রুবেল ভূঁইয়াকে আটক করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে দলীয়ভাবে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।





