Advertisement

ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের
নিহত শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে আর ফেরা হলো না বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে রোববার (৯ আগস্ট) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Advertisement

সোমবার (১০ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের গ্রামে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।

নিহত ইয়াসিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তরুণ এই শিক্ষার্থীর এমন অকালমৃত্যুতে সহপাঠীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও ক্যাম্পাসসংলগ্ন সড়কের জরুরি সংস্কারসহ বিভিন্ন দাবি পূরণ না হলে সোমবার আবারও ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অদূরে দপদপিয়া এলাকায় একটি দূরপাল্লার বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে ইয়াসিনসহ কয়েকজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হচ্ছিল। তবে পথিমধ্যে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে পথেই তার মৃত্যু হয়।

ইয়াসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী মহাসড়কে নেমে আসেন। রাত আটটার দিকে তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। রাত সাড়ে ১০টার দিকে ইয়াসিনের মৃত্যুর খবর নিশ্চিত হলে শিক্ষার্থীদের ক্ষোভ আরও তীব্র রূপ নেয়। পরবর্তীতে রাত ১২টার দিকে মহাসড়ক অবরোধ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সড়ক ও জনপথ বিভাগ ভাঙাচোরা সড়ক সংস্কারের কাজ শুরু না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। একই সঙ্গে ইয়াসিনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট কয়েক দফা যৌক্তিক দাবি তুলে ধরার কথা নিশ্চিত করে তারা নিজেদের দাবিতে অনড় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এদিকে নিহত ইয়াসিনের মরদেহ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান। সোমবার সকালে তিনি জানান, স্বজনদের অনুরোধেই ইয়াসিনের মরদেহ দ্রুত গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এ কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই গভীর রাতে মরদেহ নিয়ে তারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন। সেখানে বাদ আসর অথবা বাদ মাগরিব ইয়াসিনের জানাজার নামাজ সম্পন্ন হতে পারে।

বিষয় :