logo

বন্ধুকে খালে ফেলে সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে হত্যা

বন্ধুকে খালে ফেলে সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

সিলেট নগরীর রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দপ্তরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে। বর্তমানে নগরীর রায়নগর দপ্তরীপাড়ার সাকেরের কলোনির বাসিন্দা। আটককৃত হাবিল নগরের শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে মো. হাবিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রোববার সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে হাবিল। চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে জুয়েলকে উদ্ধার করেন এবং দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, হত্যাকাণ্ডে জড়িত মো. হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।