logo
Advertisement

উঠানে দাদির কুলখানির রান্না, ঘরে মিলল নাতির ঝুলন্ত লাশ

এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
উঠানে দাদির কুলখানির রান্না, ঘরে মিলল নাতির ঝুলন্ত লাশ
সালাউদ্দিন আরিফ। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে দাদির কুলখানির আয়োজন চলছিল বাড়ির উঠানে। স্বজনেরা যখন রান্নাবান্নার কাজে ব্যস্ত, তখন ঘরের ভেতর থেকে উদ্ধার করা হলো নাতির ঝুলন্ত লাশ।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত সালাউদ্দিন আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক। তার স্ত্রী ফারজানা আক্তার অন্তঃসত্ত্বা বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছিল আরিফের দাদির কুলখানি। এ উপলক্ষে সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে কোনো এক সময় পরিবারের সদস্যদের চোখের আড়ালে চলে যান আরিফ। পরে স্বজনেরা তার বাবার ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান।

খবর পেয়ে মানিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে আরিফ এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরিফের বাবা মিছির আলী জানান, আরিফ তার স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুনপাড়ায় বসবাস করতেন। তার মায়ের মৃত্যুর খবর পেয়ে দুদিন আগে আরিফ তিনটহরীতে এসেছিলেন। মায়ের কুলখানির দিন তিনি এমন একটি ঘটনা ঘটাবেন, তা কল্পনাও করতে পারেননি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।