২৩৮ জনের সবাই পাস, বিএএফ শাহীন কলেজে জিপিএ-৫ পেলেন ৪১ জন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন কলেজ শমশেরনগর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৩৮ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন।
কলেজের ফলাফল অনুযায়ী, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিনটি বিভাগের সব পরীক্ষার্থীই পাস করেছেন।
বিজ্ঞান বিভাগ থেকে ১৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগের ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া ২৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন। অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন একজন।
প্রতিষ্ঠানটির শতভাগ পাসের সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন এশিয়া পোস্টকে বলেন, এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা প্রতিবছরই শতভাগ পাসের সাফল্য অর্জন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির শতভাগ পাসের এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

